মালদা

বেপরোয়া ভাবে আসা ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর

সকালে এক সাথে বাড়ি থেকে বেড়িয়েছিলেন দুই বন্ধু বাজার করার জন্য। কিন্তু বাজার করে আর বাড়ি ফেরা হল না তাদের। বেপরোয়া ভাবে আসা ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর। ঘটনাটি ঘটে রবিবার সকালে কালিয়াচক থানার চানপুর এলাকায়। পরিবারে শোকের ছায়া। 

        পরিবার সূত্রে জানা গেছে, মালদার কালিয়াচক থানার কড়ারি চাঁদপুরের বাসিন্দা অসিত দাস এবং তাঁর বন্ধু অশোক চৌধুরী একটি মোটরবাইকে করে আজ সকালে কালিয়াচক আসছিলেন বাজার করতে। বাইক চালাচ্ছিলেন অসিত দাস। বাজারে যাবার পথে চানপুর এলাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অসিত দাসের। বাইক থেকে ছিটকে পড়ে যায় দুইজনেই। ঘটনাস্থলে মৃত্যু হয় অসিত দাসের। ঘটনায় গুরুত্বর আঘাত লাগে অশোক চৌধুরীকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টরকে আটক করে কালিয়াচক থানার পুলিশ। চালক পলাতক।